ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় নুর আলম মুন্সি (৪০) নামের এক জামায়াত নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ফিডার সড়কে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত নুর আলম ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জামায়াত ইসলামীর সভাপতি। তিনি ব্রাহ্মণপাড়া গ্রামের ইলিয়াস মুন্সির ছেলে।
এ বিষয় আহত নুর আলম বলেন, ‘আমি জামায়াত ইসলামী প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের নির্বাচনি হ্যান্ডবিল আনতে মালিগ্রাম অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে মোবাইল একটি কল আসে। মোটরসাইকেলটি পাশে দাঁড় করিয়ে কথা বলছিলাম। তখন হেলমেট পরা অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে আমার পাশে দাঁড়িয়ে আমার মাথায় কোপ দেয় এবং বলে তুই জামায়াতে কাজ করিস না। তারা ২ জন হেলমেট পড়ার কারণে আমি চিনতে পারিনি।‘
এ ব্যাপারে ভাঙ্গা থারার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, ‘হামলার ঘটনার কথা শুনেছি। এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে মঙ্গলবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের সংলগ্ন ফরিদপুর সদর উপজেলার মৃগী ইউনিয়নের তেতুলতলায় ফরিদপুর-১ আসনের বিএনপির প্রার্থী নায়াব ইউসুফের নির্বাচনি ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্ত্বরা।
–