নাটোর: নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী দুর্নীতি ও বেকারত্ব সমস্যার বিরুদ্ধে কার্যকর রূপরেখা তুলে ধরে তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। স্বচ্ছ, মানবিক ও ইনসাফ-ভিত্তিক ‘নতুন ও সমৃদ্ধ নাটোর’ গড়াই এই ইশতেহারের মূল লক্ষ্য।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নাটোর শহরের মাদরাসা মোড়স্থ নির্বাচনি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহারটি ঘোষণা করা হয়।
ইশতেহার ঘোষণাকালে অধ্যাপক মো. ইউনুস আলী বলেন, অফুরন্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও বেকারত্ব, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, অযোগ্য নেতৃত্ব ও সন্ত্রাসের কারণে মানুষের জীবনযাত্রার কাঙ্ক্ষিত মানোন্নয়ন হয়নি। আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে মানুষের সেবক হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করে যেতে চান।
ঘোষিত ইশতেহারে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বিশেষ সম্মাননা প্রদান এবং তাঁদের উন্নত চিকিৎসা, শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। একই সঙ্গে নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাইটেক পার্ক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এ ছাড়া নাটোর সদর হাসপাতালের আধুনিকায়ন, নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু, নার্সিং ইনস্টিটিউট, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং বক্ষব্যাধি ক্লিনিক আধুনিকায়নের পরিকল্পনার কথা ইশতেহারে উল্লেখ করা হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্টেশন বাজার রেলক্রসিংয়ে ওভারব্রিজ নির্মাণ এবং নাটোর-বগুড়া বাইপাস সড়ক নির্মাণের কথাও তুলে ধরা হয়।
শিল্প ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নাটোর চিনিকল আধুনিকায়নের মাধ্যমে লাভজনক শিল্পে রূপান্তর, বাণিজ্যিক গ্যাস সরবরাহ সঞ্চালন-লাইন স্থাপন করে ভারী শিল্প প্রতিষ্ঠা, বিসিক শিল্পনগরীর সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল ও কৃষি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এ ছাড়াও নাটোর স্টেডিয়ামের আধুনিকায়ন, পর্যটনভিত্তিক শহর গড়ে তোলা, নারদ নদ এবং জয়কালী ও লালদিঘিতে ওয়াকওয়ে নির্মাণ এবং বর্জ্যমুক্ত সবুজ শহর প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ও নলডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ড. জিয়াউল হক জিয়া, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মো. সাদিকুর রহমান, সহকারী সেক্রেটারি এবং নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেলসহ দলীয় নেতৃবৃন্দ।