নীলফামারী: নীলফামারীতে আসামি ধরতে গেলে ভুয়া পুলিশ সন্দেহে ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’র (পিবিআই) সদস্যদের মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর উপজেলার জিকরুল হক রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পিবিআই পরিচয়ে কয়েকজন ব্যক্তি এসে মহসিন নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময়ে তিনি ‘ভুয়া ডিবি পুলিশ’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বিক্ষুব্ধ অবস্থায় পুলিশের গাড়িটি অবরুদ্ধ করে গাড়িতে থাকা পিবিআই-সদস্যদের মারধর করে। এ সময় গাড়িটি ভাঙচুর করা হয়।
সৈয়দপুর থানা-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল সৈয়দপুর থানা এলাকায় এক আসামিকে আটক করে। এসময় আসামি চিৎকার করলে আশপাশের লোকজন এসে ভুয়া পুলিশ ভেবে তাদের মারধর করে। এ ঘটনায় চালকসহ দুইজন আহত হয়েছে এবং পুলিশের সাদা গাড়ি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। সেই সুযোগে আটক আসামি পালিয়ে যায়; পরে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।’