Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্রিফ।

খুলনা: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোনো সংশয় নেই। নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। নির্বাচনের দিনসহ আগে ও পরে মোট ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এবারের নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।’

এছাড়া নির্বাচনের পরে কোনো সহিংসতা হবে না বলে আশা করেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে ব্রিফকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা আরও বলেন, ‘এবারের নির্বাচনে ১ লাখ সেনাবাহিনী, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, নেভি সাড়ে ৩ হাজার, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৭ হাজার বিজিবি, ৯ হাজার র‌্যাব ও ৫ লক্ষাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা, বডি ক্যামেরা, ডগ স্কোয়াড, ড্রোন থাকবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনায় কোনো কিছুর অভাব নেই।’

ব্রিফকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়‘র (র‌্যাব) মহাপরিচালক এ. কে. এম. শহিদুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, পুলিশ’র অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর