ফরিদপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের দুটি আসনে দুইটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর- ১(মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের বোয়ালমারী স্টেডিয়াম এবং ফরিদপুর-৩ সদর আসনের শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে রাত ৮টায় নির্বাচনি জনসভায় অংশ নেবেন।
ফরিদপুরের ৪টি আসনেই দল ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন। এই জেলার সমস্যা তুলে ধরে সমাধানের প্রতিশ্রুত আসতে পারবে বলে আশা প্রার্থী ও সমর্থকদের।
এ বিষয়ে জেলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে শহরের চকবাজার দলীয় কার্যালয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জেলা আমির বদরউদ্দিন-এর সভাপতিত্বে বক্তব্য দেন ফরিদপুর সদর আসনের জামায়াতের প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব, সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব।
ফরিদপুরের জামায়াতের আমিরের নির্বাচনি প্রস্তুতি সভার আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আমিরে জামায়াত ফরিদপুরের দুটি সংসদীয় আসনে নির্বাচনি জনসভা বক্তব্য রাখবেন, সন্ধ্যায় বোয়ালমারী স্টেডিয়াম, অপরটি সদর আসনের শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে রাত ৮টায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। এ উপলক্ষ্যে তাদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় প্রধানের ফরিদপুরে আগমনে উচ্ছ্বাসিত হয়েছেন নেতাকর্মীরা।
জেলা জামায়াত সূত্রে জানা যায়, শুক্রবার নড়াইলে নির্বাচনের জনসভার শেষ করে সড়ক পথে ডা. শফিকুর রহমান বোয়ালমারী জনসভায় যোগদান করবেন, পরে রাত ৮টায় ফরিদপুর সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নেবেন।
জেলা জামায়াত ইসলামীর ফরিদপুর শাখা থেকে সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল ওহাব জানান, আমাদের দুটি জনসভায় ইনশাল্লাহ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এ লক্ষ্যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবেন। এছাড়া নিজস্ব দুই শতাধিক স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সমাবেশস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজ মাঠের অ্যাকাডেমিক ভবনের সামনের অংশে জোরেশোরে মঞ্চ তৈরির কাজ চলছে। এছাড়া মাঠজুড়ে সাউন্ড সিস্টেম, মাইক ও সাউন্ড বক্স বসানোর কাজ চলছে।
এদিকে ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন নেতাকর্মীরা। এই জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবেন। ফরিদপুর বিভাগ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, সেনা ক্যান্টনমেন্ট ও কলেজ স্থাপন বাস্তবায়ন অন্যতম দাবি তাদের।
জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এ জনসভায় কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে থাকবে। আশা করি, শান্তিপূর্ণভাবে তারা সমাবেশ করতে পারবেন।
এসময় সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।