নোয়াখালী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে চলছে ভোটগ্রহণ। পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি। তাদের জন্য কারাগারের ভিতরে দুটি ভোটকক্ষের ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেল সুপার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পোস্টাল ব্যালটে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখানে মোট ৪৪ জন বন্দি ভোট দেওয়ার জন্য নাম অন্তর্ভুক্ত করেন। কিন্তু দুই জন বন্দি মামলার কারণে অন্য কারাগারে অবস্থান করায় বাকি ৪২ জন বন্দি ভোট দিয়েছেন।
জেল সুপার আরও জানান, ভোট দেওয়া বন্দিদেরকে সকাল ৮টার আগে নাস্তা খেয়ে প্রস্তত থাকতে বলা হয়েছিল। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক তা জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে পাঠানো হবে।
এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নোয়াখালী জেলা কারাগারে ৯৪১ জন বন্দি থাকলেও তাদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন কেবল ৪৪ জন, যা মোট বন্দির ৪ দশমিক ৭ শতাংশ।
বন্দিদের অনেকের আশা ১২ ফেব্রুয়ারি ভোটের আগে তারা জামিন পাবেন, যে কারণে তারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করতে আগ্রহী হননি। কারাগারে পোস্টাল ব্যালটের আবেদন করে জামিন পেলে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ থাকবে না।