ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি কর্মকর্তা হয়েও বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার অভিযোগে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন। আগামী শনিবার তাদের সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শোকজপ্রাপ্ত কর্মকর্তারা হলেন কসবা উপজেলার বাদৈর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. জিয়ার হোসাইন এবং একই ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন।
অভিযোগের সঙ্গে তাদের নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার ছবি সংযুক্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে প্রচারে অংশ নেন তারা।
এ ঘটনায় আব্দুল হালিম নামের এক ব্যক্তি ২ ফেব্রুয়ারি কসবার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুসন্ধান ও বিচারিক কমিটি বিষয়টি পর্যালোচনা করে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, অভিযোগ ও সংযুক্ত প্রচারণার ছবি পর্যালোচনায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সরকারি কর্মকর্তা হয়ে নির্বাচনি প্রচারে অংশ নেওয়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির পরিপন্থী এবং এটি স্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের শামিল।
এ কারণে অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে আগামী ৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টায় অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।