গাইবান্ধা: গাইবান্ধার দুর্গম অঞ্চলে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এক কৃষকের গোয়ালে থাকা পাঁচটি গরু মারা গেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটে গাইবান্ধা সদর উপজেলার মোল্লার চর ইউনিয়নের গোপালপুর গ্রামে কৃষক মোস্তাক মিয়ার বাড়িতে। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় হতবাক পরিবারটি এখন দিশেহারা।
কৃষক মোস্তাক মিয়া জানায়, সারাদিন স্বাভাবিকভাবেই গরুগুলোকে ভুট্টার ঘাস খাওয়ানোর পর গোয়ালঘরে বেঁধে রাখা হয়েছিল। হঠাৎ করে একটির পর একটি গরু ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা পানি খাওয়ানোসহ বিভিন্নভাবে চেষ্টা করলেও মাত্র কয়েক মিনিটের মধ্যে ৫ টি গরুই মারা যায়।
মোস্তাক মিয়া বলেন, ‘চোখের সামনে কয়েক মিনিটে এতগুলো গরু এভাবে মারা যাবে কখনো ভাবিনি। মোট নয়টি গরু ছিল, বাছুরগুলো অন্য জায়গায় বাঁধা ছিল, তাই ওগুলো বেঁচে আছে। গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। আমার সবকিছু শেষ হয়ে গেল।’
এ ঘটনার পর স্থানীয়দের মাঝে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। গোপালপুর চরের অনেক কৃষকই জানান, তারা গরুকে নিয়মিত ভুট্টার ঘাস খাওয়ান। খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় তারা এখন শঙ্কিত।
এবিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উত্তম কুমার বলেন, ‘ঘটনাটি আমার নজরে আসার পর পরই বিষয়টি তদন্ত করে দেখতে কৃষকের বাড়িতে দুইজন প্রতিনিধি পাঠিয়েছি। প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে গরুগুলো কাঁচা ভুট্টার ঘাস খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল। ভুট্টা গাছের নরম ডাঁটা ও পাতা খেলে প্রাকৃতিকভাবে নাইট্রেটের মাত্রা বেড়ে যায়, যেটি ‘নাইটট্রেট পয়জনিং’ নামে পরিচিত। এই পয়জনিং এর ফলে গরুর মৃত্যু হতে পারে।’
তিনি ক্ষতিগ্রস্ত কৃষককে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।