ফরিদপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর প্রভাব বিস্তার নিয়ে অভিযোগ তুলেছেন কৃষকদলের সাধারণ সম্পাদক ও বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১১টা জেলার সদরপুর উপজেলায় নিজ বাড়িতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল দাবি করেন, নিক্সন চৌধুরী দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার ঘনিষ্ঠ সমর্থক স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে ‘ছায়া প্রার্থী’ হিসেবে ব্যবহার করছেন। একই সঙ্গে কালো টাকা ছড়িয়ে নির্বাচনি পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, এভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ প্রশাসনকে প্রভাবিত করার পাশাপাশি বিএনপি প্রার্থীকে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরনের মিথ্যাচার করছেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্রও চলছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে নিক্সন চৌধুরীর সমর্থক উল্লেখ করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান শহিদুল ইসলাম বাবুল।
তবে এসব ষড়যন্ত্র সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ বিষয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বরং শহিদুল ইসলাম বাবুল পতিত সরকারের চিহ্নিত অপরাধীদেরকে দলে যোগদান করিয়ে নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। তার পক্ষে কাজ করা সমর্থকদেরকে বিএনপির লোকজন হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে।