পটুয়াখালী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি আমরা করিনা কাউকে করতেও দেবো না। দুর্নীতি আমরা করি না কাউকে করতেও দেবো না। মামলা বাণিজ্যকে আমরা ঘৃণা করি। কাউকে এই সুযোগ দেওয়া হবে না। ৫৪ বছরের এই রাজনৈতিক ব্যবস্থা এবং আদর্শ আমাদের দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছেন। এই বাংলাদেশকে পালটে দিয়ে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।
শফিকুর রহমান বলেন, এই বাংলাদেশে আর কাউকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা বন্তে দেওয়া হবে না। শেয়ার বাজার লুণ্ঠন করতে দেওয়া হবে না। প্রজেক্টগুলো থেকে চুরি ডাকাতি করে বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার করতে দেওয়া হবে না। যে ২৮ লাখ কোটি টাকা লুট চুরি হয়েছে, বিদেশে পাচার হয়েছে ওদের মুখের ভিতর হাত ঢুকিয়ে পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। সেই টাকা রাষ্ট্রীয় তহবিলে জমা হবে। এই টাকা দিয়ে যে এলাকায় যত বেশি বঞ্চিত হয়েছে, যে এলাকায় যত বেশি নির্যাতিত হয়েছে, সেই এলাকা থেকে আমাদের উন্নয়নের যাত্রা শুরু হবে।
বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওনালা ইসাহাকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদসহ জেলার জামায়াত জোটের অন্য সদস্যরা।