খুলনা: খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের অশুভ পায়তারা করছে। তবে এদেশের জনগণ তাদের শক্ত হাতে প্রতিহত করবে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া, স্বল্পবাহিরদিয়া ও তিলক এলাকায় আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল বলেন, দীর্ঘদিন পর জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। দেশের স্বার্থে ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যেতে হবে। সর্বস্তরের মানুষকে ভোট দিয়ে নিজেদের পছন্দের যোগ্য প্রার্থী নির্বাচিত করতে হবে।
তিনি বলেন, বিএনপি জনগণকে ভালোবাসতে জানে এবং শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মনের ভাষা বোঝে। প্রকৃত ও জনবান্ধব নেতৃত্ব ছাড়া কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এমন নেতৃত্ব নির্বাচন করতে হবে, যারা জনগণের কথা শুনবে এবং বাস্তব উন্নয়ন নিশ্চিত করবে।
যুবসমাজ প্রসঙ্গে তিনি বলেন, তরুণদের মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে ধর্মীয় মূল্যবোধে ফেরানো এবং খেলাধুলামুখী করে গড়ে তুলতে হবে। সন্তানদের ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা ও ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীদের অন্ধকারে রেখে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এবং নারীদের স্বাবলম্বী করতে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছিলেন, যা আজও জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
এলাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, টিএসবিবাসী দীর্ঘদিন ধরে বেহাল রাস্তাঘাট, জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সংকটসহ নানা ভোগান্তিতে রয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে টিএসবির যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ, স্থায়ী জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। টিএসবিকে অবহেলিত নয়, বরং পরিকল্পিত উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে।
শেষে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের প্রতীক।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক জসীম উদ্দীন মজুমদার, কেআইএবিআই কান্ট্রি ডিরেক্টর আরিফ রাজ্জাক জয়, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম ও জিএম কামরুজ্জামান টুকু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন, মহিউদ্দীন মিন্টু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, সমাজসেবক জাকির আহম্মেদ জমাদ্দারসহ স্থানীয় নেতারা।