Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষের নিরাপত্তা ও বিচার—দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৪ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮

এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম।

পঞ্চগড়: মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার প্রতিষ্ঠা—এই দুই ক্ষেত্রেই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের হাড়িভাসা বাজার এলাকায় নির্বাচনি সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘গতকাল থেকে আজ পর্যন্ত যমুনার সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জাবের তার অবস্থান কর্মসূচি পালন করছিলেন। শহিদ শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি। কয়েকদিন পরই নির্বাচন, অথচ বিচার প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল, তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডের বিচার জাতিসংঘের মাধ্যমে সম্পন্ন করা হোক। শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালনকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও যমুনার সামনে তাদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এতে বহু মানুষ আহত ও রক্তাক্ত হয়েছেন।’

অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা এই দেশে মানুষের নিরাপত্তা দিতে পারেননি, বিচারও নিশ্চিত করতে পারেননি। এখন কেউ যদি বিচারের দাবিতে আন্দোলন করে, সেখানেও যদি বাধা দেওয়া হয়, তাহলে এটি সরকারের সম্পূর্ণ ব্যর্থতাই প্রমাণ করে।’

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সারজিস আলম বলেন, ‘আমরা ইনকিলাব মঞ্চের দাবির সঙ্গে শতভাগ একাত্মতা প্রকাশ করছি। যারা ন্যায়বিচারের দাবিতে মাঠে রয়েছেন, তাদের যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণের জন্য আমাদের দলের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, তাই তাদের উচিত এই ব্যর্থতার দায় স্বীকার করে বিচারিক প্রক্রিয়া জাতিসংঘের হাতে তুলে দেওয়া। তাহলে খুব দ্রুতই এ সংকটের সমাধান সম্ভব। শান্তিপূর্ণ আন্দোলনে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর