খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনে জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজারে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির সমালোচনা করে এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অতীতে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করেছে। অথচ এখন সেই দলই জামায়াতের বিরুদ্ধে নানা অভিযোগ ও সমালোচনা করছে। ‘১৯৯১ সালে আমাদের সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করেছিল। তখন এসব অভিযোগ ছিল না। এখন রাজনীতির প্রয়োজনে আমাদের জঙ্গি বানানোর চেষ্টা করা হচ্ছে,’-বলেন তিনি।
স্বাধীনতা ও ১৯৭১ সালের প্রসঙ্গ টেনে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আজ যারা ৭১ নিয়ে প্রশ্ন তোলে, তারাই তো একসময় ডুমুরিয়ায় দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিলেন। তখন কি ৭১ মনে ছিল না?’
‘বেহেশতের টিকিট বিক্রি’ সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ‘দুনিয়ার কোনো মানুষের হাতে জান্নাতের টিকিট নেই। আল্লাহর দয়া ও রাসুল (সা.)-এর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না।’
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির এক নেতার বক্তব্য তিনি দেখেছেন, যেখানে বলা হয়েছে, নামাজ-রোজা ছাড়াও ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। এ ধরনের বক্তব্যকে তিনি ‘নাউজুবিল্লাহ’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আদর্শ, চরিত্র ও নৈতিকতার মোকাবেলা দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে করা যায় না। ভোঁতা হাতিয়ার দিয়ে সততাকে কখনো পরাজিত করা সম্ভব নয়।’ তার দাবি, এসব অপপ্রচারে জামায়াতের একটি ভোটও কমবে না।
১৯৯১ সালের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সে সময় বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে অধ্যাপক গোলাম আযমের কাছে লোক পাঠিয়ে জামায়াতের সমর্থন চাওয়া হয়েছিল। দেশ ও সার্বভৌমত্বের স্বার্থে সেদিন জামায়াত বিএনপিকে সরকার গঠনে সহযোগিতা করেছিল।’ তিনি বলেন, ‘তখন দোষ ছিল না, এখন দোষ—এই দ্বিচারিতার কারণেই বলি, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘মা-বোনেরা কেউ ভয় পাবেন না। দাঁড়িপাল্লার ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে অবহিত করা হয়েছে।’
ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাসের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির দক্ষিণ অঞ্চলের সমন্বয়ক ডা. মাহমুদা মিতু, চাকসুর সাবেক ভিপি ইব্রাহিম রনি, খুলনা জেলা জামায়াত আমীর মাওলানা এমরান হুসাইনসহ অন্যান্য নেতারা।
এর আগে মিয়া গোলাম পরওয়ার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় আরেকটি পথসভায় বক্তব্য দেন এবং পরে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।