রাজবাড়ী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. হারুন অর-রশিদ বলেছেন, ‘১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের সঙ্গে বেইমানিকারীদের জনগণ সঠিক জবাব দেবে।’
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ফলিমারা, হোসেনডাঙ্গা, কলিমহর বাজার ও গোপালপুরসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
হারুন অর-রশিদ বলেন, ‘ধানের শীষের জন্য আমরা দীর্ঘ ১৭ বছর ধরে সংগ্রাম করেছি, ভোটের অধিকার ফেরাতে আন্দোলন করেছি। সেই ধানের শীষের সঙ্গে যারা বেইমানি করবে, জনগণ তাদের ক্ষমা করবে না।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাকে ততক্ষণই নেতা মানবো, যতক্ষণ আপনি ধানের শীষের পক্ষে কাজ করবেন। দিনের বেলায় ধানের শীষের সঙ্গে থেকে রাতের অন্ধকারে যারা বিপক্ষে কাজ করছে, তাদের বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা আছে।’
ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ভোট দিতে না পারায় সাধারণ ভোটারদের মধ্যে ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ কমে গেছে। ‘একসময় ভোটকেন্দ্রে না গেলেও ভোট হয়ে যেত, এমনকি মৃত মানুষের নামেও ভোট দেওয়া হয়েছে। ফলে মানুষ ভাবত, ভোটের দিন কেন্দ্রে না গেলেও ফলাফল হয়ে যাবে,’-বলেন তিনি।
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে হারুন অর-রশিদ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করা হবে। ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ রাতে ঘরের দরজা খোলা রেখেই নিরাপদে ঘুমাতে পারবে। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় এলে সেই নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়া হবে,’-বলেন তিনি।
পথসভায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাধেশ্যাম রাজেস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও কলিমহর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বিধান কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।