সাতক্ষীরা: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, একটি গোষ্ঠী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের জন্য ঢাকাসহ বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে। তাদেরকে সাবধান করে বলতে চাই, বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার দেখতে চায়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে তালা উপজেলা বিএনপির আয়োজনে পাটকেলঘাটা বলফিল্ড মাঠে
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, এভাবে মব সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করা যাবে না। আমি কথা দিচ্ছি, তালা ও কলারোয়ার সবশ্রেণির মানুষ, আমি নির্বাচিত হতে পারলে সবাইকে নিরাপদে রাখব। আমি নির্বাচিত হয়ে পাটকেলঘাটাকে থানায় রূপান্তরিত করেছিলাম। আমি কথা দিচ্ছি, আগামীতে সংসদ সদস্য হতে পারলে তালাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরিত করব।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণির ফ্যামিলিতে নারী প্রধানকে ২৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে এবং প্রকৃত কৃষকদের ৫ হাজার টাকা করে কৃষি ভাতা দেওয়া হবে।
নির্বাচনি জনসভায় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম শফীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, তালা উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুলা রাজু, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান প্রমুখ।
জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।