কক্সবাজার: মহেশখালী-কক্সবাজার নৌপথে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপি মনোনিত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বড় মহেশখালী নতুন বাজার মাঠে মহেশখালী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনি জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরীর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক চেয়ারম্যানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, মহেশখালী-কক্সবাজার নৌপথে একটি সেতু নির্মাণ করা হবে। দীর্ঘদিন ধরে দ্বীপাঞ্চলের মানুষ যোগাযোগব্যবস্থার দুর্ভোগে ভুগছে উল্লেখ করে তিনি বলেন, সেতু নির্মাণ হলে মহেশখালীর মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং পর্যটন ও শিল্প খাত আরও বিকশিত হবে।
লবণ শিল্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মহেশখালীর লবণ শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও লবণচাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এবং লবণচাষিদের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
মহেশখালী ও কুতুবদিয়ার উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে মানুষকে রক্ষা করতে শক্তিশালী ও দীর্ঘমেয়াদি বেড়িবাঁধ নির্মাণ জরুরি। পাশাপাশি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ চলমান শিল্প ও উন্নয়ন প্রকল্পে স্থানীয় জনগণের কর্মসংস্থান অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
ধানের শীষ প্রতীকের প্রার্থী আলমগীর ফরিদকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই এলাকার টেকসই উন্নয়ন সম্ভব। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও তিনি বলেন। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও রাষ্ট্র সংস্কার বিষয়ে বিএনপির সুস্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে বলেও উল্লেখ করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক সাধারণ মানুষও জনসভায় অংশ নেন।
সভায় বক্তব্যে আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ব্যালটে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব।
সভাপতির বক্তব্যে আবু বক্কর ছিদ্দিক চেয়ারম্যান বলেন, ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং প্রার্থীকে বিজয়ী করতে সংগঠিতভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মহেশখালী-কুতুবদিয়া আসনে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল মাঠপর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করে নির্বাচনী প্রচারণা জোরদার করছে।