Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় শিশুসহ হামলার শিকার ওয়ার্কার্স পার্টির নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫২ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৫

হিরণ্ময় মন্ডল ও তার শিশুকন্যা নাতাশা মন্ডল।

সাতক্ষীরা: তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা হিরণ্ময় মন্ডল (৪৫) ও তার শিশুকন্যা নাতাশা মন্ডল (৬) হামলা এবং ছিনতাইয়ের শিকার হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের কৃষ্ণনগর- গাছা ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। আহত বাবা-মেয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

হিরণ্ময় মন্ডল উপজেলার মাগুরা আইডিয়াল কলেজের শিক্ষক ও মাদরা গ্রামের হরিপদ মণ্ডলের ছেলে।

ছিনতাইকারী ঐ যুবক খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামে খালেক সরদারের ছেলে সজীব সরদার (৩২) বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী ঐ শিক্ষক ।

বিজ্ঞাপন

ছিনতাইয়ের ঘটনা জানতে পেরে খলিষখালি ইউনিয়ন বিএনপির নেতারা ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।

হিরণ্ময় মন্ডল জানান, সকালে মেয়ের পাসপোর্ট তৈরি করতে বাড়ি থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে দলুয়া জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সামনে থেকে আমার মোটর সাইকেল গতিরোধ করার চেষ্টা করে সজীব নামের এক যুবক। এসময় পরিস্থিতি খারাপ বুঝে আমার মোটরসাইকেলের গতি বাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করি। সজীব আরেকটি মোটরসাইকেলে পিছু নিয়ে আমার মেয়ের হাত টেনে ধরে এবং মাথায় জোরালো আঘাত করে। এসময় আমি গাড়ির গতি কমালে কৃষ্ণনগর-গাছা ব্রিজ সংলগ্ন স্থানে গিয়ে সজীব আমাকে আটকিয়ে বেধড়ক মারপিট করে। এসময় আমি মাটিতে লুটিয়ে পড়লে সে আমার বুকের উপর লাথি মারে এবং আমার কাছ থেকে ১০০০ টাকা নিয়ে নেয়। নেয়।

এসময় তিনি আরও বলেন, সজীব নামের ওই যুবক এলাকায় নেশাগ্রস্ত হিসেবে পরিচিত। এর আগেও নেশার টাকা জোগাড় করতে সে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিল। সে কোনো দলের রাজনীতির যুক্ত আছে কিনা জানি না, তার এই ছিনতাই কর্মকাণ্ডের সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

খলিষখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হান্নান জানান, ঘটনা জানা মাত্রই ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিনতাইকারী যুবককে দুর্গম বিলান এলাকা থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ইউনিয়নের যে কেউ অপরাধ কর্মকাণ্ডে জড়ালে তাকে প্রতিহত করতে প্রশাসন সর্বদা সহযোগিতা করবে বিএনপি।

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার জানান, কলেজ শিক্ষক হিরণ্ময় মন্ডলকে ছিনতাই ও তার মেয়েকে মারপিট করা অত্যন্ত দুঃখজনক ঘটনা। অভিযুক্তকে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর