Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমতার লোভে ইসলাম বাদ দিয়ে রাজনীতি করেছে তারা: চরমোনাই পীর


১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম।

ব্রাহ্মণবাড়িয়া: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, ক্ষমতার লোভে ইসলামকে পাশ কাটিয়ে প্রচলিত রাজনীতির পথে হাঁটছে কিছু রাজনৈতিক দল। যারা দীর্ঘদিন দেশ চালিয়েছে তারা বারবার দুর্নীতির মাধ্যমে দেশকে কলঙ্কিত করেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, তারা স্পষ্ট করে দিয়েছে যে তারা কোরআন ও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই কোরআন ও ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা শুরুতে সমঝোতার ভিত্তিতে পাঁচ দল একসঙ্গে ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে জামায়াতসহ আরও কয়েকটি দল এতে যুক্ত হয়। কিন্তু তারা যখন দেখল, সারাদেশে ইসলামের পক্ষে মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, তখন ক্ষমতার মোহে ইসলামকে সরিয়ে রেখে প্রচলিত গণতান্ত্রিক নিয়মে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেয়।

চরমোনাই পীর বলেন, এই অবস্থায় আমরা আর সেই সমঝোতায় থাকতে পারিনি। তাই ইসলামের পক্ষে আলাদা বাক্স নিশ্চিত করতে হাতপাখা প্রতীক নিয়ে সারা দেশে ২৫৮টি আসনে নির্বাচন করছি।

জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করীম আবরার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী গাজী নিয়াজুল করীম, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল এবং কার্যনির্বাহী সদস্য সৈয়দ আনোয়ার আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর