Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে সহিংসতা হলে দেখবেন কী ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫২ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩১

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ফরিদপুর: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) বলেছেন, নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এবারের নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফরিদপুর অঞ্চলের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতে পাঁচ জেলায় দায়িত্বরত তিন বাহিনীর সকল অধিনায়ক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে কোনো ধরনের শঙ্কা নেই বলে মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান।

তিনি বলেন, ‘এই নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে এবং ফ্রি-ফেয়ার হবে। কোনো ধরনের শঙ্কা নেই। এবারের মতো যে পরিমাণ আইনশৃঙ্খলাবাহিনী নিয়োগ করা হয়েছে, কোনো ইতিহাসে আপনারা দেখাতে পারবেন না। আপনারা আগের অন্যান্য নির্বাচনগুলো দেখেন, অন্যান্য নির্বাচনগুলো যেরকম সহিংসতা হতো এবার কিন্তু আল্লাহ দিলে এখন পর্যন্ত হয়নি। আমরা আশা করব, সামনেও হবে না। অন্যান্য সময় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সশস্ত্র বাহিনী ভোট প্রাঙ্গণে যেতে পারত না এবার আমাদের সিনিয়র সচিব ভাল ব্যবস্থা নিয়েছেন- প্রতিটি ভোট প্রাঙ্গণে তারা যেতে পারবে।

এছাড়া ফরিদপুর অঞ্চলের নির্বাচনি প্রস্তুতি খুব ভাল হয়েছে বলে জানান।

তিনি বলেন, ‘প্রতিটি কেন্দ্রেই সিসিটিভি ও ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। যেসব কেন্দ্রে বাউন্ডারী নেই, সেখানে বাঁশ দিয়ে ব্যবস্থা করা হয়েছে।’

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ সেনা বাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, কোষ্ট গার্ড এর সদর দপ্তরের কর্মকর্তা সহ বৃহত্তর ফরিদপুরের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর