রাজবাড়ী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে গ্রামের বাড়িতে ফিরছেন হাজারো মানুষ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখী মানুষের ঢল দেখা গেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট ও লঞ্চঘাটে এমন চিত্র দেখা গেছে। তবে বড় ধরনের যানজট বা দীর্ঘ সময় আটকে পড়ার মতো পরিস্থিতি দেখা যায়নি।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। শুক্রবার ও শনিবার সরকারিভাবে সাধারণ ছুটি রয়েছে। এ নিয়ে টানা ৪ দিনের ছুটি পেয়ে এবং ভোটাধিকার প্রয়োগ করতে গ্রামের বাড়িতে ফিরছেন এই মানুষগুলো।

বাড়িফেরা একাধিক মানুষের জানান, একদিকে ছুটি অন্যদিকে ভোট দিতে গ্রামের বাড়িতে যাচ্ছেন। নির্বাচনে ভোট দেওয়া তাদের নাগরিক দায়িত্ব, এ কারণে কষ্ট হলেও বাড়ি ফিরছেন তারা। তবে অনেকে অভিযোগ করে বলেন, সুযোগ বুঝে কিছু পরিবহণকর্মী নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, জাতীয় নির্বাচন উপলক্ষ্যে সোমবার রাত থেকেই ভোট দিতে আসা ঘরেফেরা মানুষের চাপ বেড়েছে। তবে ঘাটে কোনো যানবাহনের জট নেই। বর্তমানে এ নৌরুটের ছোট-বড় ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে বলেও জানান তিনি।