ঠাকুরগাঁও: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার মোট ৪১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা ২০১টি কেন্দ্র। প্রায় অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইরশাত ফারজানা।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার তিনটি সংসদীয় আসনে ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সেনাবাহিনীর ১১ প্লাটুন, বিজিবির ৩২ প্লাটুন, র্যাবের ৩ প্লাটুন, ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য, ৫টি স্ট্রাইকিং ও মোবাইল টিম এবং ৬ হাজারেরও বেশি আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োজিত থাকবেন। প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ এবং ১৩ জন করে আনসার সদস্যরা নিযুক্ত থাকবেন।
এবার জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ১২ লক্ষাধিক ভোটারের ভোটাধিকার প্রয়োগে প্রস্তুত করা হয়েছে ৪১৭টি ভোটকেন্দ্র। তবে এর মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা ২০১টি কেন্দ্র।
এর মধ্যে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি কেন্দ্রের মধ্যে ৯২টি, ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈলের একাংশ) আসনের ১০৪টির মধ্যে ৪৬টি এবং ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল) আসনের ১২৮টির মধ্যে ৬৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কেন্দ্রগুলো নির্বাচন উপযোগী করার পাশাপাশি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখা হচ্ছে।
ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, ‘একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তদারকির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’