রাজবাড়ী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আনসারে ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬৫ জনের কাছ থেকে ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আখের আলী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আগে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের শাহাদত মোল্লার ছেলে আখের আলী মধুখালী উপজেলায় আনসারে ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের ৬৫ জনের কাছ থেকে এক হাজার টাকা নেন। কিন্তু বেশ কিছুদিন পার হলেও আনসারের নিয়োগের কোনো কাগজপত্র না আসায় তাদের সন্দেহ হয়। পরে গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর এলাকায় আখের আলীকে দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেই।
গোসাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ওয়াজ শেখ বলেন, আমার স্ত্রীর কাছ থেকেও আনসারে ডিউটি দেওয়ার কথা বলে এক হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু কোনো ডিউটি দেওয়া হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত আখের আলী জানান, তিনি ৬৫ জনের কাছ থেকে নেওয়া টাকা মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফার রহমানের কাছে দিয়েছেন। তবে তিনি কাউকে ডিউটি দিতে পারেননি।
এদিকে মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফার রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আনসারে ডিউটি দেওয়ার কথা বলে আখের আলীর কাছ থেকে আমি কোনো টাকা নেইনি।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।