ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উল্টে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার সুয়াদি এলাকায় সিসিপিএল পেট্রোল পাম্প এর সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি তেল নিতে পেট্রোল পাম্পে ঢুকেছিল। এমন সময় সামনে থেকে আরেকটি গাড়ি চলে আসলে সেই গাড়ির সাইট দিতে গিয়ে বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নিহতের মধ্যে একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। তাৎক্ষণিকভাবে অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালান। দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছেন। গাড়িটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।