ঠাকুরগাঁও: জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটকের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বেলাল উদ্দিন প্রধান ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন এবং ব্যবসায়িক প্রয়োজনে সঙ্গে করে টাকা নিয়ে ফিরছিলেন।
দেলাওয়ার হোসেন বলেন, যে কেউ ব্যক্তিগত প্রয়োজনে টাকা বহন করতে পারেন। তিনি অবৈধভাবে টাকা বিতরণের কোনো কাজে জড়িত ছিলেন না।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের পূর্বমুহূর্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা ভোটারদের কাছে টাকা বিতরণের সময় ধরা পড়েছে—এসব নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। অথচ জামায়াতের আমির ব্যক্তিগত প্রয়োজনে টাকা বহন করায় এত প্রশ্ন তোলা হচ্ছে কেন?
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমীনের ঋণ মওকুফের বিষয়েও অভিযোগ তোলেন তিনি। তার দাবি, সংশ্লিষ্ট নেতার প্রায় ২২ কোটি টাকার ব্যাংক ঋণ মওকুফ করা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে দেলাওয়ার হোসেন বলেন, নির্বাচনি মাঠে অনুকূল পরিবেশ দেখে তাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। ‘আমাদের বিলবোর্ড ছেঁড়া হয়েছে, প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, এমনকি নারী কর্মীদেরও হেনস্তা করা হয়েছে,”—অভিযোগ করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, “নির্বাচনি প্রচারে ব্যাপক সাড়া পাওয়ায় ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে জামায়াতে ইসলামীর জয় হবে।”
এ সময় ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৭৪ লাখ টাকারসহ অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক বেলাল উদ্দিন প্রধান দাবি করেছেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে তিনি টাকা বহন করছিলেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বহন করা টাকার উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।