রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণের শেষ মুহুর্তে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর আব্দুল মালেক।
অভিযোগ রয়েছে, রংপুর-১ আসনের বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজনের (ধানের শীষ) পক্ষে বেতগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন রিপন। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করে গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গঙ্গাচড়া সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর আব্দুল মালেক জানান, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গঙ্গাচড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।