কক্সবাজার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আসনের ১৮২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শহিদুল আলম বাহাদুরকে ২৮ হাজার ৪১৩ ভোটে পরাজিত করেছেন।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে লুৎফুর রহমান কাজল পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪০৭ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৪ ভোট। দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। তবে শেষ পর্যন্ত এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন কাজল।
পর্যটন নগরী কক্সবাজারে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে রামু ও ঈদগাঁও এলাকায় ধানের শীষের প্রতি ব্যাপক সমর্থন লক্ষ্য করা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নির্বাচনকালীন সহিংসতা এড়াতে বিজিবি ও সেনাবাহিনী টহল জোরদার রাখে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। কেন্দ্রভিত্তিক গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর কক্সবাজার শহরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশের প্রস্তুতি নিতে দেখা গেছে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার সকাল নাগাদ প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এবার ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি সংবিধানের মূল পরিবর্তন সংক্রান্ত ‘জুলাই সনদ ২০২৫’ প্রস্তাবের বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটও দিয়েছেন।