বরিশাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপি প্রার্থী ও দলটির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ঝালকাঠি-২ (সদর-নলছিটি) নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঝালকাঠি-১ আসনে রাজাপুর উপজেলার ৫০টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে মো. রফিকুল ইসলাম জামাল ৩৫ হাজার ৭০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. ফয়জুল হক (জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট) দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন। কাঠালিয়া উপজেলার ৪০টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে মো. রফিকুল ইসলাম জামাল পেয়েছেন ২৬ হাজার ১৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. ফয়জুল হক পেয়েছেন ২৪ হাজার ৪৬৬ ভোট।
এদিকে ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পোস্টাল ভোটসহ ১ লাখ ১৩ হাজার একশত ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত শেখ নেয়ামুল করীম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট। এ আসনে ভোটারের জন্য একটি পোস্টাল গণনা কেন্দ্রসহ ১৪৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে।