মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতার স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে।
নিহত জসিম নায়েব ওই এলাকার মাফিক নায়েবের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার পরিচালনার দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকেরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে তাকে গালিগালাজ করেন। এক পর্যায়ে তারা জসিমকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।
নিহতের বড় ভাই মো. মশিউর রহমান অভিযোগ করেন, ডা. নাসিরের ছেলে সাকিবের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ধানের শীষের সমর্থক তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা জসিম নায়েবকে মারধর করে গুরুতর জখম করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়, কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।