খুলনা: খুলনা-৫ আসনে ভোট পুনর্গণনা ও বাতিল ভোট পুনঃপরীক্ষার আবেদন করেছেন মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ স ম জামসেদ খন্দকারের কাছে এ আবেদন করেন গোলাম পরওয়ারের প্রধান নির্বাচনি এজেন্ট মিয়া গোলাম কুদ্দুস।
আবেদনে তিনি উল্লেখ করেন, তার নির্বাচনি এলাকা খুলনা-৫ এর অন্তর্গত ডুমুরিয়া উপজেলার সকল ভোট কেন্দ্রের বৈধ ব্যালট পেপার সমূহ পুনঃরায় গননা করাসহ নির্বাচনি এলাকার বাতিলকৃত ভোট পুনঃপরীক্ষার আবেদন করছেন।
রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনে তিনি আরো উল্লেখ করেন, আমি নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় নির্বাচনীয় ঐক্য সমর্থিত সমর্থিত নির্বাচনি এলাকা খুলনা-৫ এর দাড়িপাল্লা প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিয়া গোলাম পরওয়ার এর নির্বাচনি এজেন্ট। আমি জানাচ্ছি যে, নির্বাচনি এলাকা খুলনা-৫ এর অন্তর্গত ডুমুরিয়া উপজেলার ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সঠিকভাবে বৈধ ব্যালট পেপার গনণা না করে ও সম্পূর্ণ অন্যায়ভাবে দাড়িপাল্লা প্রতীকের বৈধ ব্যালট পেপার বাতিল করে গননা বহির্ভূত রাখিয়া গনণা করায় প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবী তুলনায় সামান্য ভোটের ব্যবধানে আমাকে পরাজিত করা হয়েছে। আমার পোলিং এজেন্টদের আপত্তি সত্বেও প্রিজাডিং অফিসাররা বৈধ ব্যালট পেপার পুনঃগণনা করেননি ও বাতিলকৃত ভোটগুলি পুনঃপরীক্ষা করেননি।
লিখিত আবেদনে আরও উল্লেখ করেন, আমার স্থির বিশ্বাস বৈধ ব্যালট পেপারগুলি পুনঃগগনা ও বাতিলকৃত ভোটগুলি পুনঃপরীক্ষা করে একত্রে পুনঃগণনা করলে আমি বিজয়ী হব। ন্যায় বিচারের স্বার্থে নির্বাচনি এলাকা খুলনা-৫ এর অন্তর্গত ডুমুরিয়া উপজেলার সকল কেন্দ্রের বৈধ ব্যালট পেপার পুনঃগণনা ও বাতিল ভোট পুনঃপরীক্ষা করিয়া পুনঃগণনার দাবি জানাচ্ছি।
আবেদনকারী মিয়া গোলাম কুদ্দুস বলেন, অফিস ছুটির দিন হওয়ায় রিটার্নিং কর্মকর্তার সঙ্গে মোবাইলে কথা বলে তার প্রতিনিধির কাছে আবেদনটি জমা দেওয়া হয়েছে। তিনি সিলমোহর দিয়ে আবেদনটি রিসিভ করেছেন।