Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর-৪ আসনের ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থী এমদাদুল হকের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৩

রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা।

রংপুর: রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা ভোটের পুনর্গণনার দাবি জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কাউনিয়া উপজেলার হারাগাছে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।

এমদাদুল হক অভিযোগ করেন, শাপলা কলি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আখতার হোসেন গতকাল বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মব সৃষ্টি করে অনেক কেন্দ্রে অনিয়ম, ভোট কারচুপি ও ফলাফল পরিবর্তন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কয়েকটি কেন্দ্রে ভোট গণনার সময় অনিয়ম হয়েছে। কিছু কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ফলাফল শিটে সই করতে দেওয়া হয়নি। কয়েকটি কেন্দ্রে বিএনপি যে ভোট পেয়েছে, তার চেয়ে কম দেখানো হয়েছে। আমার সাড়ে ৮ হাজার ভোট বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, আখতার হোসেনের সঙ্গে আমার ভোটের পার্থক্য মাত্র ৮ হাজার ৮৩১। পুনর্গণনা করলে আমিই বিজয়ী হবো। আমি রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিতে গিয়ে সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেও তাকে পাইনি। তিনি আমার সঙ্গে অপেশাদার আচরণ করেছেন। যদি পুনর্গণনা না করা হয়, তাহলে আমরা আইনি পথে যাব। এই নির্বাচনের ফলাফল জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি।

উল্লেখ্য, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে এনসিপি’র আখতার হোসেন (শাপলা কলি) ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট। আখতার হোসেনের সঙ্গে বিএনপির এমদাদুল হক ভরসার ভোটের পার্থক্য ৮ হাজার ৮৩১।

রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো কেন্দ্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর