রাজশাহী: রাজশাহী মহানগরীতে নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে মো. মোস্তফা (৫০) নামে এক মুসল্লি নিহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা নগরীর মতিহার থানার ডাঁশমারী গ্রামের তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী।
স্থানীয়রা জানান, মোস্তফা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল বলেন, ‘আমাদের এখানে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে। মাথায়ও জখম দেখা গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ কারণে হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘আমরা কিছুক্ষণ আগেই ঘটনাটি শুনেছি। এরপর দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। কেন এই ঘটনা সেটি আমরা এখনও জানতে পারিনি। নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততাও আমরা এখনও জানতে পারিনি। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে বলেও জানান তিনি।