বরিশাল: বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বরিশাল নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে বিনোদনপ্রেমী নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দিবসটিকে ঘিরে সকাল থেকেই বাহারি রঙয়ের পোশাক পরে বের হয়ে যে যার মতো করে সময় পার করেছেন।
বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনের সঙ্গে হাত হাত রেখে ঘুরে বেড়ানো, সেলফি তুলে দিনটিকে স্মরণীয় করে রাখার যেন কোনো বিকল্প নেই। তাই প্রিয়জনের সঙ্গে সেলফি, আড্ডা আর ঘোরাঘুরিতে ব্যস্ত নানা বয়সীরা। দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে প্রিয়জনদের জন্য অনেকেই উপহার সামগ্রীও তুলে দিচ্ছেন। আবার অনেক তরুণ তরুণী নতুন পোশাক পরে ফুল হাতে প্রিয়জনের জন্য অপেক্ষা করছেন। অনেকে আবার দিনব্যাপী আড্ডা দিচ্ছেন নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভ ও বেলতলা, শায়েস্তাবাদ, লামছড়ি শিশু পার্ক, বিভাগীয় জাদুঘর এলাকায়। আর প্রিয়জনের সঙ্গে বেড়াতে এসে খুশি বিনোদন প্রেমী মানুষজনও।
অনেকের মতোই বিকেল বেলা পরিবার-পরিজন নিয়ে হাওয়া খেতে নদীর তীরে এসেছেন মিথিলা ও সরোয়ার। তিনি জানান, বরিশালে তেমন বিনোদন স্পট নেই। তাই কীর্তনখোলা নদীর তীরে ত্রিশ গোডাউনে ঘুরতে এসেছেন। নদীর ওপর মস্ত খোলা আকাশের সোনালি সন্ধ্যা উপভোগ করতে পারাটাই আনন্দ। তাই তো পরিবার নিয়ে তারা নদীর তীরে দীর্ঘ সময় কাটান।
এছাড়াও নৌকায় চড়ে শান্ত কীর্তনখোলায় কলকল বয়ে চলে পানির গতির সঙ্গে মাঝির বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ যেকোনো বিনোদন প্রিয় মানুষকে মুগ্ধ করে তুলছে। কেউ কেউ চাদের মায়াবী আলোতে গভীর রাত পর্যন্ত উপভোগ করছেন নয়নাভিরাম এ সৌন্দর্য।
বিভাগীয় জাদুঘর এলাকায় ঘুরতে আসা ফেরদৌসী শিমু বলেন, ভালোবাসার রঙে রাঙিয়ে দিতে বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে কাঙ্ক্ষিত ভালোবাসার দিন ১৪ ফেব্রুয়ারি। মনে জমে থাকা ভালোবাসার প্রতি মুহূর্ত নানাভাবে প্রকাশ করতে চাইলেও যেন প্রিয় মানুষটির কাছে গিয়ে ঠিকঠাক মতো তা প্রকাশ করা যায় না। তাই অব্যক্ত এসব অনুভূতি ভাষায় প্রকাশ করতে প্রিয়জনের জন্য এটি একটি বিশেষ দিন।
এদিকে নগরীর ফুলের দোকানগুলোতেও যেন পা রাখার জায়গা নেই। সকলেই প্রিয় মানুষটিকে ভালোবাসা জানাতে ফুলের দোকানে ভিড় করছেন। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরা, রথস্টিক, জিপসি, গ্যালেনডোলা, চন্দ্রমল্লিকা, বোথাম, সূর্যমূখী ফুলের চাহিদা ছিলো বেশি।
দিবসটি ঘিরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য বিনোদন কেন্দ্রগুলোতেও সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর করা নজরদারি রয়েছে।