বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনক হওয়ায় দুই পুত্রবধূসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের পুরাতন শিবাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এক বৃদ্ধা মহিলার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ এ কল দেয়। পরে আলীকদম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
কে বা কারা কি কারণে এই বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
নিহতের ছেলে নুরুল আমিন বলেন, ‘আমার মায়ের বয়স ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। এ বয়সে তাকে এমন নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।‘
স্থানীয় সাবেক ইউপি সদস্য অলিউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। তবে সন্দেহজনক দুই পুত্রবধূসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’