কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৭ বাসযাত্রী।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনায় ঘটে।
নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা এলাকার অটোরিকশাচালক ফারুক হোসেন (৩৮) এবং চুয়াডাঙ্গার সুরুজগঞ্জ বোয়ালিয়ার বাসযাত্রী মিজানুর রহমান (৪৯)।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, চট্টগ্রামমুখী লেনে চলমান ইকোনো পরিবহনের ঢাকা মেট্রো ব-১৪-৬২০৩ নম্বরের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, আহত কমপক্ষে ৭জন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে।