Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড়ি গুহা থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৮

মৃত মো. হোসেন

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ের একটি গুহা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় নিখোঁজ এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারি এলাকার পাহাড়ি গুহা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. হোসেন (৩৫) হ্নীলা উলুচামারি এলাকার মৃত মো. আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ছৈয়দ আলম জানান, গত ১০ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর মো. হোসেন নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার সকালে স্থানীয় কয়েকজন গহীন পাহাড়ের একটি গুহায় মাটিচাপা দেওয়া অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, পাহাড়ে অবস্থানকারী দুষ্কৃতিকারীদের হাতে অপহরণের শিকার হয়ে তিনি নিহত হতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘উলুচামারি পাহাড়ি এলাকার একটি গুহা থেকে মো. হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।’

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর