সিলেট: সিলেটে চাচাতো ভাইয়ের মরদেহ আনতে গিয়ে নিজেই না ফেরার দেশে চলে গেলেন মৌলভীবাজারের বাসিন্দা নাজমুল ইসলাম নিয়াজ (৫০)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার ময়লার ভাগাড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
নিহত নাজমুল ইসলাম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের আবু তালিবপুর এলাকার মৃত শামছুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় আল হেরা একাডেমির একজন শিক্ষক ছিলেন এবং কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলামের মেজো ভাই।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমুল ইসলামের চাচাতো ভাই আব্দুল আহাদ সিলেট এয়ারপোর্ট এলাকায় একটি মসজিদের সাবেক ইমাম ছিলেন। তিনি সেখানে বাস করতেন। বার্ধক্যজনিত কারণে শনিবার আব্দুল আহাদ মারা গেলে তার মরদেহ গ্রামের বাড়ি কুলাউড়া নিয়ে আসার জন্য ভোরে সিলেট রওনা হন নাজমুল ইসলাম।
পথিমধ্যে সিলেটের দক্ষিণ সুরমার ময়লার ভাগাড় এলাকায় পৌঁছালে নাজমুল ইসলামকে বহনকারী প্রাইভেট কারটিকে একটি দ্রুতগতির পিকআপ ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলেই নাজমুল ইসলামের মৃত্যু হয়।
এ ঘটনায় গাড়ির চালকসহ আরও দুজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত নাজমুলের ভাই সাংবাদিক আজিজুল ইসলাম তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একজন শিক্ষক ও সদালাপী মানুষের এমন আকস্মিক মৃত্যুতে কুলাউড়া ও জয়চন্ডী ইউনিয়ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।