হিলি (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার চুরিপট্টি এলাকায় একটি বসতবাড়ি থেকে ফাহিমা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ওই এলাকার মুক্তারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফাহিমা বেগম গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বড়াই পাড়া গ্রামের মো. বাদল দেওয়ানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় চুরিপট্টি এলাকার ওই বাড়িতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ বিষয়ে হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ আলম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারকে বিষয়টি ইতোমধ্যে জানানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।