Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৬

আহত যুবদল কর্মী কাকন।

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তদের ভয়াবহ হামলায় কাকন (৩৫) নামে এক যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত কাকন বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের মিরু মন্ডলের ছেলে। তিনি বরিশাল ইউনিয়ন যুবদলের কর্মী।

স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে কাকন জুনদহ বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অপরিচিত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর আকস্মিক হামলা চালায়। এতে কাকনের হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং ভেঙ্গে যায় পা। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

স্থানীয় বিএনপি নেতা মওদুদ মিয়া বলেন, হঠাৎ করে অপরিচিত কয়েকজন এসে কাকন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে গেছে। আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। এ ধরনের নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই।

পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আহত কাকন আমাদের উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ কর্মী। তাকে লক্ষ্য করে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে এ হামলা করা হয়েছে। আমরা এই বর্বর হামলার কঠোর প্রতিবাদ জানাই।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান মোবাইল বলেন, আহত ব্যক্তির পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো