চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ, একটি সিএনজি ও এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদককারবারিদের ধরতে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তির নাম মো. ফরিদ (৪৫)। আটক ফরিদ শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বাসিন্দা। আটকের সময় তার কাছ থেকে ফেনসিডিলের বিকল্প ৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি টিভিএস সিএনজি জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকরা নেশাজাতীয় সিরাপ ও সিএনজি শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’