কুমিল্লা: কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) সংসদীয় আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূইয়া এলাকাবাসীর জন্য ব্যতিক্রমী ও প্রশংসনীয় একটি উদ্যোগ নিয়েছেন। চাঁদাবাজি ও অনিয়ম দূর করতে তিনি স্থাপন করেছেন ‘অভিযোগ বক্স’।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নাঙ্গলকোট উপজেলার লোটাস চত্বর (বটতলা) এলাকায় তিনি এই ‘অভিযোগ বক্স’ স্থাপন করেন। যেখানে এলাকার নাগরিকরা নির্ভয়ে লিখিত অভিযোগ জমা দিতে পারবেন।
অভিযোগ বক্সে লেখা রয়েছে, ‘বিএনপি’র কোনো নেতাকর্মী চাঁদাবাজি বা অনৈতিক কার্যকলাপে জড়িত থাকলে, দয়া করে নির্ভয়ে লিখিত অভিযোগ জমা দিন।’ নিবেদক- মোবাশ্বের আলম ভূঁইয়া, এমপি।

এ উদ্যোগকে ঘিরে কুমিল্লা ও আশপাশের এলাকায় এরই মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ মনে করছেন, এটি চাঁদাবাজি, হয়রানি ও অন্যান্য অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। তারা আরও আশা করছেন, অভিযোগগুলো যথাযথভাবে বিবেচনা করা হলে এলাকায় শান্তি ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
স্থানীয়দের মতে, জনপ্রতিনিধি হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়ার এই পদক্ষেপ জনগণের প্রতি তার দায়বদ্ধতা এবং স্বচ্ছ রাজনীতির প্রতি অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরেছে। অনেকেই বিশ্বাস করেন, সঠিক প্রয়োগের মাধ্যমে এ উদ্যোগ এলাকায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং চাঁদাবাজি বা অনিয়মের মতো সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।