বগুড়া: প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পরবর্তীতে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মীর শাহে আলম অর্ধ লাখের বেশি ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন।
নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এদিন সকালে তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক কালাম আজাদ।
দীর্ঘদিন পর বগুড়ার মানুষ মন্ত্রিত্বের স্বাদ পেতে পাচ্ছে এটি জেলার জন্য আনন্দের খবর। ৩৫ বছর পর মন্ত্রিসভায় ডাক পেয়েছেন বগুড়া জেলার এই প্রতিনিধি। এমন খবরে বগুড়ায় শুরু হয়েছে উৎসবের আমেজ। নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
জানা যায়, মীর শাহে আলম এর আগে মাত্র ২৫ বছর বয়সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরবর্তীতে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় রাজনীতিতে সংগঠক ও তৃণমূলভিত্তিক নেতা হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। এবারের নির্বাচনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন।
বিগত সময়ে বগুড়ার রাজনৈতিক ইতিহাসে মন্ত্রিত্বের সুযোগ খুব একটা আসেনি। সর্বশেষ ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এরপর দীর্ঘ সময় ধরে জেলার আর কেউ মন্ত্রিসভায় স্থান পাননি।
শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, বগুড়ায় বিএনপির রাজনীতিতে আরেকটি চমকের নাম মীর শাহে আলম। যিনি গোটা শিবগঞ্জবাসীকে আগলে রেখেছেন। উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যে যার নাম ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। মানবসেবার পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়াঙ্গন, সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান, এলাকার উন্নয়নসহ সেবামূলক কার্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন মীর শাহে আলম। তিনি পর্যটন ও শিল্পায়নের মাধ্যমে শিবগঞ্জকে নতুন করে সাজাতে চান।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল জানান, দীর্ঘদিন পর বগুড়ার মানুষ মন্ত্রিত্বের স্বাদ পেতে যাচ্ছে। এটি জেলার জন্য আনন্দের খবর। গত ১৭ বছর রাজনৈতিক কারণে বগুড়া কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি সরকার এই বঞ্চনা দূর করবে।
নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া মীর শাহে আলম জানান, পুণ্ড্রনগরী খ্যাত মহাস্থানগড় বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। পর্যটন কেন্দ্র ও পর্যটকদের আকৃষ্ট করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তিনি। উত্তর অঞ্চলের সবচেয়ে বড় সাধক হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.) এর মাজার এ উপজেলায় অবস্থিত। মাজারকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন এই উপজেলার মহাস্থানে যাওয়া-আসা করে। তারা যাতে ধর্মীয় আচার-অনুষ্ঠান ভালোভাবে করতে পারেন এ জন্য মাজার কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। এর বাইরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ প্রফুল্ল চাকীর বাড়িও আমাদের এই শিবগঞ্জের বিহারে। তার স্মৃতিকে ধরে রাখার জন্য এখানে তার স্মৃতিস্তম্ভ বা তাকে নিয়ে কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নে কাজ করা হবে।