কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় উজ্জ্বল হোসেন (৪৩) নামে এক ট্রাকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের খলিশাকুন্ডি বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত উজ্জ্বল হোসেন পাশের গাংনী উপজেলার বায়োট গ্রামের ইমান আলীর ছেলে।
নিহতের বাবা ইমান আলী বলেন, উজ্জ্বল খলিশাকুন্ডি বাজার এলাকায় ভাড়া বাসায় একা বসবাস করতেন। তার স্ত্রী ও ৮ বছর বয়সী কন্যাসন্তান গাংনীতে থাকেন।
তিনি আরও বলেন, উজ্জ্বল গোপনে বায়োটের বাড়িঘর বিক্রি করে খলিশাকুন্ডিতে এসে ভাড়া বাসায় থাকতে শুরু করেন। প্রায় ২০-২৫ দিন আগে সর্বশেষ ছেলের সঙ্গে তার কথা হয়। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে।
বাড়ির মালিক আসাদুল ইসলাম জানান, উজ্জ্বল প্রায় দেড় বছর ধরে তার বাসায় একা ভাড়া থাকতেন। প্রায় ১০ দিন আগে তিনি ভাড়া পরিশোধ করেন। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। মঙ্গলবার বাসায় ঢুকতে গিয়ে বাইরের দরজায় তালা ঝুলতে দেখেন। ভেতর থেকে তীব্র পচা গন্ধ ও মাছির ভনভন শব্দ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তালা ভেঙে প্রবেশ করলে ঘরের ভেতরে উজ্জ্বলের অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ছয় দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।