Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁদা না পেয়ে বাস কাউন্টার ম্যানেজারের মাথা ফাঁটাল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: জেলার পৌর বাস টার্মিনালে চাঁদার টাকা না পেয়ে বিকাশ পরিবহনের কাউন্টারের ম্যানেজার নাজির বিশ্বাস (৪৫)-এর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নাজির বিশ্বাসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাজির বিশ্বাস জানান, ৪ থেকে ৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তাদের হাতে রামদা ও লোহার দণ্ড ছিল বলে অভিযোগ করেন তিনি। হামলায় তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

তিনি আরও জানান, বিকাশ পরিবহনে গত তিন বছর ধরে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। প্রতিষ্ঠানের মালিক মারা যাওয়ার পর তিনি পরিচালনার দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দূরপাল্লায় ১২টি ট্রিপ পরিচালিত হয়।

বিজ্ঞাপন

তার অভিযোগ, কিছুদিন ধরে কয়েকজন যুবক প্রতিটি ট্রিপে নির্দিষ্ট সংখ্যক সিট দাবি করে এবং প্রতিটি সিটের বিপরীতে টাকা রাখার প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। সর্বশেষ মঙ্গলবার সকালে তারা প্রতিটি গাড়িতে আটটি সিট অথবা দুই লাখ টাকা দাবি করে। অস্বীকৃতি জানালে হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

নাজির বিশ্বাস তিনজনের নাম উল্লেখ করে বলেন, তাদের মধ্যে মিলন, সবুজ ও প্রিন্স নামে স্থানীয় তিন যুবক রয়েছেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর