Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল-৫: প্রতিমন্ত্রী হিসেবে সালাউদ্দিন টুকুর শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৬

সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল: দীর্ঘ প্রায় ৩৬ বছর পর টাঙ্গাইল-৫ (সদর) আসনে সুলতান সালাউদ্দিন টুকুকে প্রতিমন্ত্রী হিসেবে পেয়েছে জনগণ ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে কৃষি, খাদ্য এবং মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন এ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এর আগে তিনি দীর্ঘদিন কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তাকে প্রায় ৩৫০টি মামলার মুখোমুখি হতে হয় এবং ১২ দফা কারাভোগ করেন। এ সময় টুকু মোট প্রায় পাঁচ বছর কারাগারে ছিলেন এবং টানা ৪৬ দিন রিমান্ডেও থাকতে হয়েছে তাকে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পান ৮০ হাজার ২৮৩ ভোট।

সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-২ (ভুয়াপুর ও গোপালপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

জানা যায়, স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রীসভার স্থান পান টাঙ্গাইলের কৃতি সন্তান জননেতা আব্দুল মান্নান। এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রীসভায় স্থান পান টাঙ্গাইল সদরের ছেলে আব্দুর রহমান। তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। হোসাইন মোহাম্মদ এরশাদের মন্ত্রী সভায় স্থান পান টাঙ্গাইল সদর আসরের আরেক কৃতি সন্তান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহমুদুল হাসান। এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এর পর গত প্রায় ৩৬ বছর পর টাঙ্গাইল সদরের জনগণ মন্ত্রী পেলেন।

এর ফলে টাঙ্গাইল চরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন যমুনা নদীর বেড়িবাঁধ নির্মাণ, মাহমুদনগরে ব্রিজ স্থাপন, শহরের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুব্যবস্থা সহ ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে সুলতান সালাউদ্দিন টুকু এ সব উন্নয়ন কর্মের প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদের কাছে।

সালাউদ্দিন টুকুর শপথের পর জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিমের নেতৃত্বে টাঙ্গাইল শহরে একটি আনন্দ মিছিল বের হয়। পরে শহিদ মিনার প্রাঙ্গনে তার পক্ষ থেকে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর ধানের শীষে ভোট দিয়েছি। সুলতান সালাউদ্দিন টুকু ভাই বিপুল ভোটে এমপি হয়েছে। দীর্ঘ ৩৬ বছর টাঙ্গাইল সদরে আমরা মন্ত্রী পেয়েছি এজন্য আমরা আনন্দিত। আশা রাখি সে পিছিয়ে থাকা টাঙ্গাইল সদরে উন্নয়ন অগ্রযাত্রাকে আরো গতিশীল করবে।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহতালার কাছে লাখো শুকরিয়া। দীর্ঘদিন টাঙ্গাইল-৫ (সদর) আসন কোন মন্ত্রী ছিল না। সুলতান সালাউদ্দিন টুকুকে মন্ত্রী হিসেবে পাওয়ায় নেতাকর্মীসহ সদর বাসী অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বাসিত। এ জন্য টাঙ্গাইল সদরে জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর