পিরোজপুর: বিএনপি নেতা মহিউদ্দিন মল্লিক নাছির ও তার ভাইয়ের ছেলের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে তাকরিম আহমেদ নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
নাছির মল্লিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদর উপজেলা আহ্বায়ক ও সাবেক সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ভাইপো রিয়াজ উদ্দিন মল্লিক নিপু সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে তাদের ওপর সশস্ত্র হামলার চালানো হয়। ওই ঘটনায় নাছির মল্লিক গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসারত আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তাকরিম আহমেদকে এলাকায় দেখা গেলে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে। একপর্যায়ে সড়কে বিক্ষোভ শুরু হয়। এ সময় জনতা কিছুক্ষণ সড়ক অবরোধ করে এবং তাকরিমের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আটক যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে।
পিরোজপুর জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তির সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত নেওয়া হবে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, নাছির মল্লিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তার সমর্থকরা।