রাজশাহী: পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজশাহী শহরে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবারে (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের জাদুঘর মোড় থেকে মিছিলটি আলুপট্টি মোড় হয়ে শহরের ব্যস্ততম জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় ব্যানার ও ফেস্টুন হাতে নেতা-কর্মীরা রমজানকে স্বাগত জানিয়ে স্লোগান দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রমজান এলেই এক শ্রেণির অসাধু সিন্ডিকেট ও মজুদদার চক্র কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যায়। জনগণের দুর্ভোগ লাঘবে সরকারকে এখনই কঠোর বাজার মনিটরিং এবং সিন্ডিকেট দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি ইমরান নাজির বলেন, ‘রমজান হলো আত্মসংযম ও সহমর্মিতার মাস। অথচ দুর্ভাগ্যের বিষয়, মুসলিমপ্রধান এই দেশে রমজানকে কেন্দ্র করেই এক শ্রেণির ব্যবসায়ীরা মজুদদারির মাধ্যমে মুনাফা লোটে। এই অপসংস্কৃতি রমজানের শিক্ষার পরিপন্থি। চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ করে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।’
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকারকে অবশ্যই তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং মজুদদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা এখন সময়ের দাবি।’
এ ছাড়াও, বক্তারা ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলিমদের কথা স্মরণ করে তাদের মুক্তি ও শান্তির জন্য দোয়া করেন। সমাবেশ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
সমাবেশে মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা ছাড়াও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।