নোয়াখালী: নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা জানাতে পারেনি।
বৃহস্পতিবার (১৯ ফ্রেবুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম।
এরআগে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহর মাইজদীর টাউন হল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানান, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের আগের দিন নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এসময় কার্যালয়ের ভিতরে ভাঙচুর করা হয়। পরবর্তীতে কার্যালয়ে প্রধান ফটকে তালা দেওয়া হয়।
বুধবার সকালে হঠাৎ কয়েকজন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার প্রধান ফটকে টাঙান। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম আরও বলেন, ভোরে কিছু লোক সেখানে ব্যানার টাঙায়। বিষয়টি আমাদের নজরে আসার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। আটকদের বিষয়ে যাচাই বাছাই চলছে। ঘটনার কিছুক্ষণ পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয়।