Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে শিশু ধর্ষণ
অভিযুক্তকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৭

ধর্ষণের দায়ে অভিযুক্ত শাহজাহান (ওরফে ভেলসা)। ছবি: সংগৃহীত

রংপুর: রংপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহজাহান (ওরফে ভেলসা) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা জানাজানি হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের জয়রাম গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

জানা যায়, প্রতিদিনের মতো শিশুটি স্কুলে গিয়েছিল। টিফিনের সময় ক্লাসরুম থেকে বের হলে অভিযুক্ত শাহজাহান তাকে ফুসলিয়ে পাশের জঙ্গলে নিয়ে তাকে পাশবিকভাবে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটিকে একটি জুস কিনে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় সে। বাড়ি ফেরার পর শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রক্তক্ষরণ শুরু হয়। পরিবারের জিজ্ঞাসাবাদে শিশুটি ঘটনার বর্ণনা দেয়। তার অবস্থা গুরুতর দেখে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

এদিকে ঘটনা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা শাহজাহানকে ধরে গণধোলাই দেয়। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে মাটিতে গর্ত খুঁড়ে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিশুটির এক আত্মীয় জানান, শাহজাহান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এলাকায় দুশ্চরিত্র হিসেবে পরিচিত। তারা এ ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

রংপুর সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, ‘শিশু ধর্ষণের অভিযোগে শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটির চিকিৎসা চলছে এবং আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর