Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২২

ফরিদপুর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পরিচালিত। কোনো বিশেষ দেশের প্রতি অতি-নির্ভরশীলতা নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।

বিজ্ঞাপন

ভিসা জটিলতা প্রসঙ্গে তিনি জানান, সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এছাড়াও ফরিদপুর বিভাগ বাস্তবায়ন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, অবকাঠমাসহ জেলার সকল প্রকার উন্নয়নে তিনি কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন।

এর আগে সকালে ঢাকা থেকে রওনা হয়ে তিনি নগরকান্দায় পৌঁছালে থানা প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে তিনি লস্করদিয়ায় নিজ বাসভবনে গিয়ে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এছাড়াও বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় নিজ এলাকায় ইফতার পার্টিতে সাধারণ মানুষের সঙ্গে অংশ নেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর