কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে কুষ্টিয়ার কালেক্টর চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ইকবাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন।
এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, র্যাব-১২, জেলা বিএনপি, কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দফতর ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।
টাঙ্গাইল: একুশের প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন, টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভিন্ন দফতর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলা বিএনপিসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে, সন্ধ্যা থেকে সাংস্কৃতিক সংগঠন ত্রিবেণীর উদ্যোগে দেশের গান পরিবেশন ও সারাদিন শহিদ মিনার প্রাঙ্গণ এলাকায় আল্পনা অঙ্কনের আয়োজন করা হয়।
সিংড়া: একুশের প্রথম প্রহরে পৌর শহরের কোর্ট মাঠ কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির কর্মসূচি। গভীর শ্রদ্ধা ও নীরবতার আবহে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে সমবেত হয়ে বাংলা ভাষার জন্য আত্মদানকারী মহান ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে। সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে শহিদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। এরপর পুষ্পস্তবক অর্পণ করে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. স. ম. আব্দুন নূর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও সরকারি দফতরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
মুন্সিগঞ্জ: একুশের প্রথম প্রহরে জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। শ্রদ্ধা নিবেদনের সময় ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।
এ ছাড়া, দিবসটি উপলক্ষ্যে মুন্সিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
নাটোর: একুশের প্রথম প্রহরে শহরের কানাইখালী মাঠে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় শপথ গ্রহণ করা হয়।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব ও জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড়: একুশের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার রবিউল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া, বীর মুক্তিযোদ্ধারা, পঞ্চগড় প্রেসক্লাব, জেলা বিএনপি, জেলা সিভিল সার্জন, উপজেলা প্রশাসন, পৌরসভাসহ একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।
ফরিদপুর: একুশের প্রথম প্রহরে শহরের অম্বিকা ময়দানে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম মোল্লাসহ বিএনপি ও এনসিপির নেতা-কর্মীরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
এ ছাড়াও, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ভাষা দিবস উপলক্ষ্যে শহিদ মিনারে ফুল দিতে রাতেই মানুষের ঢল নামে।
রংপুর: একুশের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় শহিদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নেমে আবেগঘন ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক এনামুল আহসান, বীর মুক্তিযোদ্ধারা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ ও বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। রংপুর প্রেস ক্লাব, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষও একে একে পুষ্পস্তবক অর্পণ করে।
রাজবাড়ী: একুশের প্রথম প্রহরে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহিদ খুশি রেলওয়ে মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। এ সময় একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সুলতানা আক্তার, বিচার বিভাগের পক্ষে বিজ্ঞ বিচারক জেলা জজ (পারিবারিক আপিল ট্রাইব্যুনাল, রাজবাড়ী) মো. ইউসুফ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম সেবা), মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
চুয়াডাঙ্গা: একুশের প্রথম প্রহরে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারের শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা ও জেলা বিএনপি পুস্পস্তবক অর্পণ করার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে ফুল দিয়ে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও নাটিকা, এবং সকাল সাড়ে ১০টায় ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী: একুশের প্রথম প্রহরে মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। পরে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুকের নেতৃত্বে জেলা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জেলা পুলিশ সুপার, প্রেসক্লাব নরসিংদী, জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়। এ ছাড়া, জেলার ছয়টি উপজেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
যশোর: একুশের প্রথম প্রহরেই সরকারি এমএম কলেজ ক্যাম্পাসে অবস্থিত যশোরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপি, সরকারি এমএম কলেজ, যশোর প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর সিভিল সার্জন, যশোর পৌরসভা, যশোর সদর উপজেলা বিএনপি, নগর বিএনপি, বিপ্লবী ছাত্র মৈত্রীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।